Welcome to Bangladesh Medical University
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
Bangladesh Medical University

বিএমইউতে চালু হলো ক্যান্সার রোগীদের জন্য সর্বাধুনিক প্রযুক্তিগত চিকিৎসা পদ্ধতির মাধ্যমে রেডিওথেরাপি সেবার দ্বিতীয় শিফট

Event Image

বিএমইউতে চালু হলো ক্যান্সার রোগীদের জন্য সর্বাধুনিক প্রযুক্তিগত চিকিৎসা পদ্ধতির মাধ্যমে রেডিওথেরাপি সেবার দ্বিতীয় শিফট

Event Date: July 20, 2025 | Category: Event

বিএমইউতে চালু হলো ক্যান্সার রোগীদের জন্য 
সর্বাধুনিক প্রযুক্তিগত চিকিৎসা পদ্ধতির মাধ্যমে 
রেডিওথেরাপি সেবার দ্বিতীয় শিফট 

আজ ২০ জুলাই, ২০২৫ইং তারিখে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এফ ব্লকে ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে চালু হলো  ক্যন্সারে আক্রান্ত রোগীদের সর্বাধুনিক প্রযুক্তিগত চিকিৎসা পদ্ধতির মাধ্যমে রেডিওথেরাপি চিকিৎসাসেবার দ্বিতীয় শিফট। দুপুরে মহতী এই চিকিৎসাসেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিএমইউ এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। দ্বিতীয় শিফট চলবে দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর আগে থেকে সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত প্রথম শিফট চালু রয়েছে। প্রথম শিফটে ৪০ থেকে ৪৫ জন রোগীকে রেডিওথেরাপি সেবা দেয়া হচ্ছে। বর্তমানে দ্বিতীয় শিফট চালু হওয়ায় প্রতিদিন আরো ২৫ রোগীকে বিশ্বমানের রেডিওথেরাপি সেবা দেয়া সম্ভব হবে। সে হিসাবে প্রতিমাসে পূর্বের থেকে ৬০০ থেকে ৭০০ বেশি রোগীকে রেডিওথেরাপি দেয়া সম্ভব হবে। সব মিলিয়ে প্রতিমাসে ১৭ শত থেকে ১৮ শত রোগীদের রেডিওথেরাপি সেবা প্রদান করা সম্ভব হবে। ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এই বিভাগে রয়েছে বিশ্বমানের রেডিয়েশন অনকোলজিস্ট, মেডিক্যাল ফিজিসিষ্ট, মেডিক্যাল টেকনোলজিস্ট (রেডিওথেরাপি) এর সমন্বয়ে গঠিত সুদক্ষ রেডিয়েশন অনকোলজি টিম, যাঁরা ক্যান্সারে আক্রান্ত রোগীদের রেডিওথেরাপি সেবা প্রদান করবেন। 


উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে রেডিওথেরাপি চিকিৎসাসেবার দ্বিতীয় শিফট চালু করা অত্র বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের জন্য এটা একটা অনুসরণীয় দৃষ্টান্ত। দুপুরে হলেই বিশ্ববিদ্যালয়ে যেনো নিস্তব্ধতা নেমে আসে, রেসিডেন্টরা অভিভাবকহীন হয়ে পড়ে। এভাবে দ্বিতীয় শিফট চালু হলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সন্ধ্যা পর্যন্ত, এমন কি তারপরেও থাকবে প্রাণবন্ত ও প্রাণচাঞ্চল্যে ভরপুর। এর মাধ্যমে এখানে অধ্যয়নরত রেসিডেন্ট শিক্ষার্থীরা উপকৃত হবেন। রোগীরা বেশি করে চিকিৎসাসেবা পাবেন। অধিক সংখ্যক রোগীদের চিকিৎসাসেবা দেয়া সম্ভব হবে। শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে মিথষ্ক্রিয়া বৃদ্ধি পাবে। রেসিডেন্টরা নিজেদেরকে আরো দক্ষ করে গড়ে তুলতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের চলমান গবেষণা কার্যক্রমও আরো সমৃদ্ধ ও জোরদার হবে। জরুরি প্রয়োজনে রোগীরা আরো বেশি করে চিকিৎসাসেবা পাবেন। একই সাথে দ্বিতীয় শিফটের জন্য ফ্যাকাল্টি নিয়োগের বিরাট সুযোগ তৈরি হবে। মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম তাঁর বক্তব্যে ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের উদ্যোগে নিয়মিত টিউমারবোর্ড করার উপর গুরুত্বারোপ করে এ বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। 

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ তাঁর বক্তব্যে রেডিওথেরাপি চিকিৎসাসেবার দ্বিতীয় শিফট চালু করা বিএমইউ এর একটি বড় অর্জন ও প্রাপ্তি হিসেবে উল্লেখ করে ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ রোল মডেলে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলদার বলেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন গণমানুষের জন্য বিশেষ করে রোগীদেরকে অধিকতর সেবা প্রদানে নিবেদিত প্রাণকর্মী ও অঙ্গীকারাবদ্ধ। রেডিওথেরাপি চিকিৎসাসেবার দ্বিতীয় শিফট চালুও সেই প্রচেষ্টার সফল বাস্তবায়ন। 

কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, ক্যান্সারে আক্রান্ত রোগীদেরকে রেডিওথেরাপি সেবা নিতে দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করতে হয়, এখন সেই অবস্থার কিছুটা হলেও উন্নতি হবে। এটাই বিশ্ববিদ্যালয়ের একটি বড় অর্জন। 

ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ সৈয়দ আকরাম হোসেন জানান, সীমিত সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে ক্লিনিক্যাল অনকোলজি বিভাগকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। রোগীদেরকে বিশ্বমানের চিকিৎসাসেবা দেয়া নিশ্চিত করার সাথে সাথে চিকিৎসাসেবাকে সহজলভ্য করার বিষয়ে কার্যক্রম শুরু হয়েছে। সকল ধরণের ক্যান্সার চিকিৎসার বিশ্বমানের থেরাপেটিক গাইড লাইন তৈরি করা, দেশে প্রথমবারের মতো অর্গান বেইসড ট্রিটমেন্ট চালু করাসহ বহুমুখী উদ্যোগ নেয়া হয়েছে। 

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সহযোগী অধ্যাপক ডা. মোঃ জামাল উদ্দিন। ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামসুন নাহার এর সঞ্চালানায় অধ্যাপক ডা. মোঃ জিল্লুর রহমান ভূঁইয়া, সহযোগী অধ্যাপক ডা. সাদিয়া শারমিন, সহযোগী অধ্যাপক ডা. মোঃ মামুন অর রশীদ, সহযোগী অধ্যাপক ডা. মোছা রোকাইয়া সুলতানা, সহকারী অধ্যাপক ডা. মোঃ রিফাত জিয়া হোসেন, পরিচালক (অর্থ ও হিসাব) জনাব খন্দকার শফিকুল হাসান রতন প্রমুখসহ উক্ত বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, মেডিক্যাল ফিজিসিষ্ট, মেডিক্যাল টেকনোলজিস্টগণ (রেডিওথেরাপি) উপস্থিত ছিলেন।      
সম্পাদনায়: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

© 2025 Bangladesh Medical University (BMU). All rights reserved. | Privacy Policy | Terms & Conditions